পাকিস্তানে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ২ পাইলট 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ
পাকিস্তানে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ২ পাইলট 

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় দেশটির বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই চালক নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকালে প্রদেশের মারদান জেলায় এ দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে যুদ্ধবিমানটি উড্ডয়ন করেছিল। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি মারদান জেলার একটি এলাকায় ভূপাতিত হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বিমান বাহিনীর কর্মকর্তা মুহম্মদ কাসিম আব্দুল্লাহ এবং নৌবাহিনীর কর্মকর্তা তাহা আব্বাসী।

সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান আসিম মুনির। তারা নিহত দুই কর্মকর্তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

উল্লেখ্য, গত সপ্তাহেও পাকিস্তানে একটি সামরিক উড়োজাহাজ দুর্ঘটনার ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে আজাদ কাশ্মিরে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হলে ২২ জন সেনা কর্মকর্তা ও সদস্য নিহত হন। একের পর এক সামরিক উড়োজাহাজ দুর্ঘটনার ঘটনায় দেশটির প্রতিরক্ষা খাতে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে।