
সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন এবং বিকাশের মাধ্যমে প্রতারিত ৩৮ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
সোমবার সকালে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এসব মোবাইল ফোন ও অর্থ হস্তান্তর করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় চলতি বছরের জুন মাসের আগ পর্যন্ত হারিয়ে যাওয়া ২৪টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। পাশাপাশি বিকাশ প্রতারণার মাধ্যমে হারানো ৩৮ হাজার টাকা উদ্ধার করে তিনজন ভুক্তভোগীর কাছে ফেরত দেওয়া হয়।
তিনি আরও জানান, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ৭০৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া প্রতারণার শিকার ভুক্তভোগীদের প্রায় অর্ধকোটি টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস.এম. রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :