১৯ মামলায় জরিমানা, ৫ জনের কারাদণ্ড

লালমনিরহাটে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান


লালমনিরহাট প্রতিনিধি, ফারুক সূর্য প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
লালমনিরহাটে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান

লালমনিরহাটে আইন-শৃঙ্খলা রক্ষা, বাজার তদারকি, পরিবেশ সংরক্ষণ এবং সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মোট ১৯টি মামলায় ৩৩ হাজার ২০০ টাকা জরিমানা আদায় এবং ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত ১৪ জুন (রবিবার) জেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা পৃথকভাবে তিনটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমীন-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ লঙ্ঘনের অভিযোগে ১৪টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৩২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল ইসলাম ও মোঃ মামুনুর রশিদ-এর নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ লঙ্ঘনের দায়ে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, অভিযানের সময় প্রাপ্ত আলামত, সাক্ষীদের জবানবন্দি এবং অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে সম্পূর্ণ আইনানুগ প্রক্রিয়ায় এ জরিমানা ও দণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

জেলা প্রশাসন আরও জানিয়েছে, জনস্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষা, পরিবেশ সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।