
রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় দফা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগরের দুই প্রশাসক।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বলা হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকাগুলোতে অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল দীর্ঘদিন ধরেই ঢাকার অভ্যন্তরীণ যানজটের অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে। এসব টার্মিনালের কারণে নগরীর প্রধান সড়কগুলোতে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
এ পরিস্থিতি মোকাবিলায় টার্মিনালগুলো ধাপে ধাপে নগরীর বাইরে বা উপযুক্ত প্রান্তিক এলাকায় স্থানান্তরের প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভায় স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারি সূত্র জানায়, রাজধানীর পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও শৃঙ্খলিত করতে একটি সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। এতে ভবিষ্যতে ঢাকার যানজট পরিস্থিতি অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :