
কুষ্টিয়ার মিরপুরে পাটচাষীদের আধুনিক প্রযুক্তি ও উন্নত চাষাবাদ পদ্ধতি সম্পর্কে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন পাট অধিদপ্তর বাস্তবায়িত “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্প”-এর আওতায় সোমবার (১৫ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, মিরপুর, কুষ্টিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে পাটচাষীদের উন্নত প্রযুক্তির ব্যবহার, উচ্চফলনশীল পাটবীজের চাষপদ্ধতি, পাটের রোগবালাই দমন এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্য উৎপাদন বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, মিরপুর উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক আশিক আলী, সাইদুল ইসলাম ও খন্দকার নাঈম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাট উন্নয়ন অফিসার (কুষ্টিয়া) মো. মামুনার রশিদ এবং মো. রাশেদ আহমেদ, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা।
প্রধান অতিথি তার বক্তব্যে পাটের গুরুত্ব তুলে ধরে বলেন, আধুনিক প্রযুক্তি ও মানসম্মত বীজ ব্যবহারের মাধ্যমে পাটের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব, যা চাষিদের আয় দ্বিগুণ করতে সহায়তা করবে। তিনি আরও বলেন, পরিবেশবান্ধব পাটজাত পণ্য উৎপাদনে চাষিদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি পাট উৎপাদন বৃদ্ধি ও চাষিদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ ধরনের কর্মশালার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে পাট অধিদপ্তরের।
আপনার মতামত লিখুন :