
মাদারীপুরের শ্রীনদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও অতিরিক্ত দায়িত্বে থাকা ক্রাইম অ্যান্ড অপস বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা।
পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে রবিবার (১৪ জুন) বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মাদারীপুর সদর উপজেলার মিরাকান্দি এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল পিকআপ ভ্যান, চাইনিজ কুড়াল ও লোহার তৈরি কাটারসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার হারেজ মোল্লার ছেলে হাচিবুল হাসান জসিম মোল্লা (৩০) এবং কোতয়ালী থানার পশ্চিম গঙ্গাবদ্দী এলাকার মুন্নাফ শেখের ছেলে মজনু শেখ (৩৫)।
এ সময় তাদের কাছ থেকে ১টি পিকআপ ভ্যান, ১টি চাইনিজ কুড়াল ও ১টি লোহার কাটার জব্দ করা হয়। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আপনার মতামত লিখুন :