মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ দমনে কঠোর অবস্থানে পুলিশ


মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ দমনে কঠোর অবস্থানে পুলিশ

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও আইজিপি পদপ্রাপ্ত আবুল কালাম আজাদ বলেছেন, মাদক, সন্ত্রাস, মানবপাচার, ইভটিজিং ও কিশোর অপরাধের বিরুদ্ধে পুলিশের অবস্থান সম্পূর্ণ কঠোর এবং এখানে কোনো ধরনের আপোষের সুযোগ নেই—অপরাধী যেই হোক না কেন।

তিনি বলেন, জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে জেলার বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ, সাংবাদিকদের সঙ্গে গোলটেবিল বৈঠক এবং র‍্যালি আয়োজন করা হচ্ছে। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে নিয়মিত অভিযান চালিয়ে তাদের আটক করে আদালতে পাঠানো হচ্ছে।

ওসি আবুল কালাম আজাদ আরও জানান, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে জোরদার অভিযান পরিচালিত হচ্ছে এবং এ ক্ষেত্রে কার্যত যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তার মতে, মাদক শুধু ব্যক্তি নয়, পুরো সমাজ ও জাতির জন্য ভয়াবহ ক্ষতিকর, তাই এর বিরুদ্ধে প্রতিটি নাগরিককে সচেতন ও সোচ্চার হতে হবে।

তিনি আরও বলেন, থানায় যোগদানের পর থেকেই মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের সমাজে কোনো স্থান নেই এবং তাদের কঠোরভাবে আইনের আওতায় আনা হবে। মাদক ব্যবসায়ীদের অবস্থান হবে কারাগারে—এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

তার ভাষায়, মাদকের কারণে তরুণ, ছাত্র ও যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। একইসঙ্গে মাদককে কেন্দ্র করে ইভটিজিং, ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডও বাড়ছে।

তিনি নিশ্চিত করেন, প্রতিটি ওয়ার্ডে শুধু মাদক নয়, সব ধরনের অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।