বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানোর আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় কেন্দ্রীয় ব্যুরো আবুধাবি থেকে বাংলাদেশ পুলিশের জাতীয় কেন্দ্রীয় ব্যুরো ঢাকায় একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ বেনজীর আহমেদকে ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ জমা দিতে বাংলাদেশকে আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না পেলে আইনি জটিলতা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হয়। এরপর দেশটির প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মামলার ভিত্তিতে ইন্টারপোলের রেড নোটিশ অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ অবস্থায় বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানো প্রয়োজন।

এছাড়া প্রত্যর্পণ অনুরোধের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র আরবি ভাষায় অনুবাদ করে জমা দিতে হবে বলেও জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে অভিযুক্ত ব্যক্তির পূর্ণ পরিচয়, অভিযোগের বিস্তারিত বিবরণ, সংশ্লিষ্ট আইনি ধারা, আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত প্রতিবেদন এবং আদালতের রায়সহ প্রয়োজনীয় দলিল।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের মামলার ভিত্তিতে ইন্টারপোলের রেড নোটিশের পরিপ্রেক্ষিতে দুবাইয়ে গ্রেপ্তার হন বেনজীর আহমেদ। তিনি লন্ডন থেকে অন্য একটি দেশে যাওয়ার পথে ট্রানজিটে থাকাকালে গ্রেপ্তার হন বলে জানা গেছে।

বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।