দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

দেশে বর্তমানে বিআরটিএ নিবন্ধিত বৈধ মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১৫ জুন) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংসদে দেওয়া বক্তব্যে মন্ত্রী বলেন, বিআরটিএ’র তথ্যভান্ডার অনুযায়ী দেশে বৈধভাবে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৫০ লাখের কাছাকাছি। তিনি আরও জানান, অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেল নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অধিবেশনে সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী দেশের মোট বৈধ মোটরসাইকেলের সংখ্যা এবং অবৈধ মোটরসাইকেল বৈধ করার সুযোগ রয়েছে কিনা—এ বিষয়ে জানতে চান।

এর জবাবে মন্ত্রী বলেন, যেসব মোটরসাইকেল এখনও বিআরটিএ থেকে নিবন্ধন নেয়নি, মালিকরা প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে বিআরটিএ সেগুলো যাচাই-বাছাই শেষে নিবন্ধন প্রদান করতে পারে।

তিনি আরও বলেন, সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সরকারের পক্ষ থেকে পরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করার লক্ষ্যে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও সংসদে উল্লেখ করা হয়।