
সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে ১ লাখ ২৬ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১৪ জুন ছাতক থানার এসআই মো. সাদেক সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল অভিযানে বের হন। অভিযানের সময় নোয়ারাই ইউনিয়নের আছাদনগর বেতুরা মাদ্রাসা সংলগ্ন খেয়াঘাট এলাকায় দুই ব্যক্তিকে একটি নৌকা থেকে কয়েকটি কার্টন নামাতে দেখা যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করা হয়। তবে তারা স্থানীয় এলাকার ভেতর দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে পলাতক ব্যক্তিদের ফেলে যাওয়া ৬টি কার্টন তল্লাশি করে ১ লাখ ২৬ হাজার শলাকা নিষিদ্ধ ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব বিড়ির আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫২ হাজার টাকা।
ঘটনার পর পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত নিষিদ্ধ বিড়ির ঘটনায় মামলা হয়েছে এবং পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :