
দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে আগামী ১ আগস্ট থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
সম্প্রতি প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপরিবহনে আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে সড়ক পরিবহন ব্যবস্থাপনা আরও কার্যকর, নিরাপদ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিআরটিএ জানায়, গত ১১ জুন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের সব ধরনের গণপরিবহনে জিপিএস ডিভাইস স্থাপন করতে হবে এবং তা সার্বক্ষণিক সচল রাখতে হবে। এর মাধ্যমে যানবাহনের অবস্থান, গতি ও চলাচল পর্যবেক্ষণ সহজ হবে, যা সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জিপিএস সংযুক্তির কারিগরি নির্দেশনা ও বিস্তারিত তথ্য বিআরটিএর স্থানীয় কার্যালয় থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। এছাড়া সংস্থাটির ওয়েবসাইট থেকেও এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী গণপরিবহনে জিপিএস সংযুক্তকরণ নিশ্চিত করার পরই নতুন রেজিস্ট্রেশন প্রদান করা হবে। একই সঙ্গে বিদ্যমান যানবাহনের ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রেও জিপিএস সংযুক্তি বাধ্যতামূলক করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে গণপরিবহনের চলাচল আরও সুশৃঙ্খল হবে, দুর্ঘটনা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে এবং যাত্রীসেবার মান উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।
আপনার মতামত লিখুন :