‘উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার’


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
‘উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার’

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, এ ঘটনার বিষয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দিল্লির ঘটনাটি অপ্রত্যাশিত। কেন এমন পরিস্থিতি তৈরি হলো এবং এর প্রেক্ষিতে সরকার কী ধরনের পদক্ষেপ নেবে—তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ বিকেলের সংবাদ সম্মেলনে বিস্তারিতভাবে জানানো হবে।

এদিকে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান সোমবার শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে দিল্লি যান। তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় জাহেদ উর রহমান ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশে বাধা দেয়। যদিও কূটনৈতিক চিঠির মাধ্যমে আগেই বিষয়টি জানানো হয়েছিল।

পরে উচ্চপর্যায়ের নির্দেশে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। পরে সোমবার দুপুরে তিনি ঢাকায় ফিরে আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বাংলাদেশ হাইকমিশন শুক্রবারই আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে অবহিত করেছিল।

ঘটনাটি নিয়ে দুই দেশের কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। তবে বাংলাদেশ পক্ষ বলছে, বিষয়টি স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যেই সমাধানের চেষ্টা করা হচ্ছে এবং এর পেছনের কারণগুলো স্পষ্ট করতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। সরকারি সূত্রের মতে, ঘটনাটি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা ও পরবর্তী করণীয় সম্পর্কে শিগগিরই আনুষ্ঠানিক অবস্থান জানানো হবে।