আশাশুনির খোলপেটুয়া নদীতে জেলের জালে ১৫ কেজির ভেটকি, দেখতে স্থানীয়দের ভিড়


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
আশাশুনির খোলপেটুয়া নদীতে জেলের জালে ১৫ কেজির ভেটকি, দেখতে স্থানীয়দের ভিড়

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীতে প্রায় ১৫ কেজি ওজনের একটি বড় আকৃতির কুরাল (ভেটকি) মাছ ধরা পড়েছে। সোমবার সকালে কাপষন্ডা গ্রামের জেলে মো. রবিউল ইসলাম গাজীর জালে মাছটি ধরা পড়ে।

জেলে রবিউল ইসলাম গাজী জানান, প্রতিদিনের মতো ভোরে তিনি খোলপেটুয়া নদীতে মাছ ধরতে যান। কিছুক্ষণ পর জাল তুলতে গিয়ে অস্বাভাবিক ভার অনুভব করেন। পরে কয়েকজনের সহায়তায় জাল তুললে বড় আকৃতির ভেটকি মাছটি ধরা পড়ে। তীরে এনে ওজন করলে এর পরিমাণ প্রায় ১৫ কেজি পাওয়া যায়। এর আগেও তার জালে ৮ কেজি ও ১২ কেজি ওজনের দুটি বড় মাছ ধরা পড়েছিল বলে তিনি জানান।

স্থানীয় মৎস্যজীবীরা বলেন, খোলপেটুয়া নদীতে ভেটকি বা কুরাল মাছ পাওয়া গেলেও এত বড় আকারের মাছ খুব কমই ধরা পড়ে। নদীতে বড় মাছের সংখ্যা কমে যাওয়ায় এমন ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বড় মাছটি দেখতে নদীর ঘাটে উৎসুক স্থানীয়দের ভিড় জমে। অনেকে ছবি তোলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আগ্রহ দেখা যায়। স্থানীয়দের মতে, নদীর প্রাকৃতিক পরিবেশ ও উপযুক্ত মৌসুমে এখনো মাঝেমধ্যে বড় আকারের দেশীয় মাছ ধরা পড়ছে, যা জেলেদের জন্য আশার বার্তা হিসেবে দেখা হচ্ছে।