আধিপত্যের দ্বন্দ্বে উত্তপ্ত মাদারীপুর, আহত ১০ ও ঘরবাড়িতে তাণ্ডব


মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
আধিপত্যের দ্বন্দ্বে উত্তপ্ত মাদারীপুর, আহত ১০ ও ঘরবাড়িতে তাণ্ডব

মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার সকালে সংঘটিত এ ঘটনায় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে এবং অন্তত ১২টি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঝিকরহাটি গ্রামের পলাশ খান পক্ষের সঙ্গে একই এলাকার কবির মোল্লা ও রিপন খান পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে শতাধিক ককটেল বিস্ফোরণের কারণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পাশাপাশি ১২টি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন নুরুজ্জামান মোল্লা (৩৫), মাসুদ ফকির (৩৫), হানিফ খান (৪৫) ও কামরুল হাওলাদার (২৫) সহ আরও অনেকে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় দুর্বৃত্তরা পুলিশের দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে জানা গেছে। এখন পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।