
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৮২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করেছে ১৫ বিজিবি।
রবিবার লালমনিরহাট ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত দিয়ে মাদক পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা প্রবেশের চেষ্টা করলে ঝাউরানী বিওপির টহলদল তাদের চ্যালেঞ্জ করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামালের বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জব্দ করা হয় ৮২ বোতল ইস্কাপ সিরাপ।
বিজিবি অধিনায়কের বরাতে জানানো হয়, জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ হাজার ৮০০ টাকা। এ ঘটনায় জড়িত স্থানীয় চোরাকারবারীদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :