
তারল্য সংকট মোকাবিলায় দেশের অন্যতম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক পিএলসিকে বিশেষ সহায়তা হিসেবে ২ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক এই অর্থ ছাড় করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, সম্প্রতি ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতির পর একটি অংশের গ্রাহক ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আন্দোলনে নামে। এতে করে কিছু আমানতকারী তাদের অর্থ উত্তোলন শুরু করলে ব্যাংকটির ওপর হঠাৎ করে তারল্য চাপ তৈরি হয়।
ফলে ব্যাংকটি গ্রাহকদের নগদ অর্থ চাহিদা পূরণে চাপে পড়ে এবং একইসঙ্গে বাধ্যতামূলক নগদ জমা সংরক্ষণ (সিআরআর) বজায় রাখতেও সমস্যার মুখে পড়ে। এ পরিস্থিতিতে গত সপ্তাহে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে প্রায় ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করে।
এর আগে বাজেট-পরবর্তী এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, ইসলামী ব্যাংকের বর্তমান তারল্য সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব এবং প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক জরুরি সহায়তা দেবে।
তিনি আরও বলেন, আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো ধরনের সমস্যা হবে না এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিশ্লেষকদের মতে, বড় অঙ্কের এই তারল্য সহায়তা ব্যাংক খাতে সাময়িক স্বস্তি আনলেও পরিস্থিতির পূর্ণ সমাধান নির্ভর করবে আস্থা পুনরুদ্ধার ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর।
আপনার মতামত লিখুন :