
সৌদি আরবে বসবাসরত প্রিমিয়াম রেসিডেন্সি বা বিশেষ আবাসন সুবিধাপ্রাপ্ত বিদেশিদের জন্য নতুন নিয়ম চালু করেছে দেশটির কর্তৃপক্ষ। এখন থেকে এসব বাসিন্দাকে কর্মসংস্থানের জন্য পৃথক কর্মঅনুমতি (ওয়ার্ক পারমিট) নিতে হবে।
গালফ নিউজ ও দ্য ইকোনোমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের শ্রমবাজার ব্যবস্থাপনা বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিউয়া’ এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রিমিয়াম রেসিডেন্সিধারীদের জন্য নির্ধারিত কর্মঅনুমতি নিতে ১০০ সৌদি রিয়াল ফি দিতে হবে।
সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত কিউয়া প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠান নিবন্ধন, প্রশিক্ষণ চুক্তি, পদত্যাগ, কর্মসংস্থান এবং ভিসাসংক্রান্ত বিভিন্ন সেবা পরিচালিত হয়। কিউয়া জানিয়েছে, প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন ফি কোম্পানির আকার এবং ইউনিফায়েড নম্বরের আওতায় নিবন্ধিত কর্মীর সংখ্যার ভিত্তিতে নির্ধারণ করা হবে।
এ ছাড়া ‘তামহীর’ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ চুক্তি এখন থেকে অনলাইনে নিবন্ধন করা যাবে। তবে এসব প্রশিক্ষণ চুক্তি সৌদিকরণ নীতির আওতায় কর্মসংস্থানের হিসাব বা প্রতিষ্ঠানের বিদ্যমান বাধ্যবাধকতার অংশ হিসেবে গণ্য হবে না। সেবার ফি ব্যাংক কার্ড, সাদাদ পেমেন্ট ব্যবস্থা এবং কিউয়া ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পরিশোধ করা যাবে।
পদত্যাগ সংক্রান্ত নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো নিয়োগকর্তা যদি পদত্যাগপত্র গ্রহণ বা স্থগিত না করেন, তাহলে কর্মীরা আবেদন জমা দেওয়ার সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করতে পারবেন। তবে নোটিশের সময়সীমা চাকরির চুক্তির শর্ত অনুযায়ী ভিন্ন হতে পারে। অন্যদিকে ভিসা সংক্রান্ত নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, একবার ভিসা ইস্যু হওয়ার পর এর কোনো তথ্য সংশোধন করা যাবে না। কোনো ভুল থাকলে সংশ্লিষ্ট ভিসা বাতিল করে নতুন করে আবেদন করতে হবে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই বিধান সৌদি শ্রমবাজারে প্রশাসনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা বাড়াতে সহায়ক হবে। তবে প্রিমিয়াম রেসিডেন্সিধারীদের জন্য অতিরিক্ত কর্মঅনুমতি বাধ্যতামূলক হওয়ায় তাদের নতুন কিছু আনুষ্ঠানিকতা অনুসরণ করতে হবে।
আপনার মতামত লিখুন :