সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ


মোঃ রমজান আলী সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। রোববার (১৪ জুন) সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বৈকারী, হিজলদী, কাঁকডাঙ্গা, মাদরা ও বাঁকাল চেকপোস্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক পৃথক অভিযানে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, নেশাজাতীয় ট্যাবলেট এবং চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ১৯ লাখ ১৩ হাজার টাকা।

অভিযানের অংশ হিসেবে বৈকারী বিওপির একটি বিশেষ দল সাতক্ষীরা সদর উপজেলার চৌধুরীপাড়া এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। হিজলদী বিওপির দল কলারোয়া উপজেলার বড়ালি এলাকা থেকে ৫০০ পিস নেশাজাতীয় ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট উদ্ধার করে।

এছাড়া কাঁকডাঙ্গা বিওপির দল একই উপজেলার কেড়াগাছি এলাকা থেকে এবং মাদরা বিওপির দল শ্মশান ঘাট এলাকা থেকে মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। অন্যদিকে বাঁকাল চেকপোস্ট বিওপির বিশেষ দল সাতক্ষীরা সদর উপজেলার কুলপোতা এলাকা থেকে ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা উদ্ধার করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে জনসম্মুখে ধ্বংসের জন্য সংরক্ষণ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।