শুধু গাছ লাগালেই হবে না পরিচর্যা করে বাঁচাতে হবে-চট্টগ্রামের ডিসি


চট্টগ্রাম প্রতিনিধি, মারুফ প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
শুধু গাছ লাগালেই হবে না পরিচর্যা করে বাঁচাতে হবে-চট্টগ্রামের ডিসি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় চট্টগ্রামে আগামী পাঁচ বছরে প্রায় দেড় কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা গ্রহণ করেছে জেলা প্রশাসন। সরকারের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুরু হওয়া এই উদ্যোগে কেবল গাছ লাগানো নয়, বরং সেগুলোর সঠিক পরিচর্যা ও টিকিয়ে রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

গত শনিবার (১৩ জুন) কর্ণফুলী উপজেলার চাদগাঁও বেড়িবাঁধ এলাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় কর্ণফুলী বেড়িবাঁধ এলাকায় ১ হাজার ২০০টি চারা রোপণের মাধ্যমে সবুজায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিসি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়নে চট্টগ্রামেও প্রশাসন, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও সিডিএ একযোগে কাজ করছে। তিনি জানান, চট্টগ্রাম জেলায় আগামী পাঁচ বছরে প্রায় ১ কোটি ৫০ লাখ চারা রোপণের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে চলতি বছরেই ২৫ লাখ চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ডিসি আরও উল্লেখ করেন, পূর্বের অভিজ্ঞতার আলোকে গাছ লাগানোর পর সেগুলো বাঁচিয়ে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই প্রতিটি চারা কমপক্ষে পাঁচ ফুট উচ্চতার এবং গবাদিপশুর হাত থেকে রক্ষায় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা, যেমন খাঁচা ও পরিচর্যার ব্যবস্থা রাখা হচ্ছে।

উদ্বোধনী দিনে তিনি নিজে একটি ‘সোনালু’ গাছের চারা রোপণ করেন। বেড়িবাঁধ এলাকার প্রায় ১.৫০ একর জায়গাজুড়ে মোট ১৯ প্রজাতির ১ হাজার ২০০টি চারা রোপণ করা হয়।

এতে রয়েছে বিভিন্ন ফুল, ফল, ঔষধি ও বনজ প্রজাতির গাছ—যেমন সোনালু, জারুল, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, পলাশ, কাঞ্চন, চালতা, বকুল, আমলকি, অর্জুন, জলপাই, কাঠবাদাম, হিজল, বহেরা, ঝাউ, চিকরাশি ও মেহগনি।

চলতি বছরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মোট ২৫ লাখ চারা রোপণের পরিকল্পনা রয়েছে, যার বড় অংশ বাস্তবায়ন করবে বন বিভাগ। এর মধ্যে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ ৮,৩৪,৫০০টি, উত্তর বন বিভাগ ৭,৫০,০০০টি, উপকূলীয় বন বিভাগ ২,৩২,৫০০টি, চট্টগ্রাম বোটানিক্যাল গার্ডেন ১৫,২৮৯টি এবং সিডিএ ও বন বিভাগের যৌথ উদ্যোগে কর্ণফুলী বেড়িবাঁধ এলাকায় ১৬ হাজার চারা রোপণ করা হবে।

ডিসি বলেন, “মানুষের কারণেই পরিবেশ সংকটে পড়েছে। এই গাছগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবনরক্ষাকারী সম্পদ। তাই এগুলোকে নিজের সম্পদ মনে করে সবাইকে যত্ন নিতে হবে।”

অনুষ্ঠানে বন বিভাগ ও সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশবিদদের মতে, এই বৃহৎ সবুজায়ন উদ্যোগ চট্টগ্রামের পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।