
চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে আসর শুরু করেছে টাইগ্রেসরা।রোববার (১৪ জুন) আগে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৫০ রান করেন অধিনায়ক ডে লিডি।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তার মিলে গড়েন ৬৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। তবে ৩৩ বলে ফিফটি করে ফিরেন জুয়াইরিয়া ফেরদৌস।
এরপর দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। ২৩ বলে ২৬ রান করে আউট হন দিলারা আক্তার। একই সময়ে নিগার সুলতানা জ্যোতি শূন্য রানে ফিরে যান। চাপে থাকা অবস্থায় ইনিংসের হাল ধরেন স্বর্ণা আক্তার ও শারমিন আক্তার। দুজনের দৃঢ় ব্যাটিংয়ে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। স্বর্ণা ১৭ বলে ১৮ রান করেন।
শেষ পর্যন্ত ৩২ বলে অপরাজিত ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শারমিন আক্তার। তার ব্যাটিং নৈপুণ্যে ৫ বল হাতে রেখেই ১৪০ রানের লক্ষ্য পার করে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ব্যাটিংয়ের পাশাপাশি দলীয় সমন্বিত পারফরম্যান্সে বল হাতেও কার্যকর ছিল টাইগ্রেসরা। ফলে বিশ্বকাপ মিশনে প্রথম ম্যাচেই আত্মবিশ্বাসী জয় তুলে নিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ নারী দল।
আপনার মতামত লিখুন :