মানহানির মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
মানহানির মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া–৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজা স্থায়ী জামিন পেয়েছেন।

রোববার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে তিনি সিরাজগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক সুমন কর্মকার তার আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী আমিনুল ইসলাম মল্লিক। আদালত সূত্রে জানা যায়, এর আগে আমির হামজা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজির হন। পরে তার বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে স্থায়ী জামিন প্রদান করেন।

মামলার নথি অনুযায়ী, গত ২ এপ্রিল একটি প্রকাশ্য জনসভায় ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর কর্নেল বাদী হয়ে মামলা দায়ের করেন।

একই দিন আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দেন। তবে নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় গত ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।