
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নওদা ক্ষেমিরদিয়াড় এলাকার গৃহবধূ মনোয়ারা খাতুন (৪৫)-এর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে তার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে রামকৃষ্ণপুর–নওদা ক্ষেমিরদিয়াড় কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি উত্তোলন করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ২০ মার্চ মনোয়ারা খাতুনের মৃত্যু হয়। তিনি প্রায় আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার মৃত্যু নিয়ে সন্দেহ দেখা দিলে পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে অভিযোগ উত্থাপন করা হয়। পরবর্তীতে নিহতের ছেলে সুমন কুষ্টিয়া আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্তের দায়িত্ব পায় ভেড়ামারা থানা পুলিশ। তদন্তের স্বার্থে আদালত লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী রবিবার লাশ উত্তোলন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে নিহতের দ্বিতীয় স্বামী আমিন ব্যাপারী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
লাশ উত্তোলনের সময় ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. লতিফুল কবির লিমন এবং ভেড়ামারা থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম (রকিব) উপস্থিত ছিলেন।
ভেড়ামারা থানার ওসি (তদন্ত) মো. রাকিবুল ইসলাম জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :