ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ১:০৬ অপরাহ্ণ
ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা

ভারতের মহারাষ্ট্র রাজ্যের ওয়াশিম জেলার মালেগাঁও তালুকের তিভলি গ্রামে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।

রোববার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, পরিবারের পুরুষ সদস্যের মরদেহ গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে তার স্ত্রী, ছেলে ও মেয়ের মরদেহ স্থানীয় একটি কূপ থেকে উদ্ধার করা হয়।

শিরপুর থানার উপ-পরিদর্শক ইমরান পাঠান জানান, বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ খবর পায় যে তিভলি গ্রামে একজন ব্যক্তি গলায় ফাঁস দিয়েছেন এবং তার স্ত্রী ও দুই সন্তান কূপে ঝাঁপ দিয়েছেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে চারটি মরদেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, ময়নাতদন্ত এখনও সম্পন্ন হয়নি। আগামীকাল তা সম্পন্ন হলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।