বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ৩:১০ অপরাহ্ণ
বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটি পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয় বলে রোববার (১৪ জুন) পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, গত ১২ জুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়। বর্তমানে তিনি দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

দুদক সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থপাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ২০২৬ সালের ৮ মার্চ ঢাকার একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে বিদেশে অবস্থানরত উল্লেখ করে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা কার্যকর করা হয়।

এর আগে ২০২৪ সালের ৪ মে স্ত্রী ও সন্তানদের নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন বেনজীর আহমেদ। এরপর থেকে তিনি জনসম্মুখে আর দেখা দেননি বলে জানা যায়।

তিনি ২০২০ সালের এপ্রিলে বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেন। এর আগে র‌্যাবে দায়িত্ব পালনকালীন সময়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা কর্মকর্তাদের মধ্যে তার নামও ছিল।