বেনজীর আহমেদের বিরুদ্ধে যত অভিযোগ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
বেনজীর আহমেদের বিরুদ্ধে যত অভিযোগ

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) দুপুরে পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

দুদক সূত্রে জানা যায়, ২০২৪ সালের ডিসেম্বরে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করা হয়। এসব মামলায় মোট ৭৪ কোটি ১৩ লাখ ৩৯ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

এর আগে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দেন আদালত। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক হিসেবেও দায়িত্বে ছিলেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ও দুর্নীতি দমন কমিশনের তদন্ত কার্যক্রম আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।