বাঁশখালীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক 


বাঁশখালী প্রতিনিধি, মোহাম্মদ ফখরুল ইসলাম প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
বাঁশখালীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক 

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় ইয়াবা সেবনের সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক-এর দিকনির্দেশনায় গত শনিবার (১৩ জুন ২০২৬) রাত আনুমানিক ৮টায় পৌরসভার উত্তর জলদী ৩নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকার অলিমিয়ার দোকান সংলগ্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নেশাগ্রস্ত অবস্থায় ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামসহ বোরহান উদ্দিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি একই এলাকার মৃত তাহের উদ্দিনের ছেলে।

পরবর্তীতে আটক ব্যক্তিকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে বাঁশখালী থানার সেকেন্ড অফিসার আরিফ হোসেন বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদক নির্মূলে থানার অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

স্থানীয় সচেতন মহল এ অভিযানকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে প্রশাসনের কঠোর ও নিয়মিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।