নওগাঁয় ইলেকট্রনিক্স ব্যবসায়ী হত্যাকাণ্ডে দুইজন গ্রেফতার


নওগাঁ প্রতিনিধি, আব্দুল মজিদ মল্লিক প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
নওগাঁয় ইলেকট্রনিক্স ব্যবসায়ী হত্যাকাণ্ডে দুইজন গ্রেফতার

নওগাঁয় পুরাতন মোবাইল ও ইলেকট্রনিক্স পণ্য ব্যবসায়ী শফিকুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় নিহতের ব্যবহৃত দুটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গত শনিবার (১৩ জুন) দুপুরে সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। নিহত শফিকুল ইসলাম জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর গ্রামের আজিজার রহমানের ছেলে। তিনি পুরাতন মোবাইল ও ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার ভিমপুর পাঠাকাটা এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে জয়নুল (৩৫) এবং মান্দা উপজেলার সতীহাট শ্রীরামপুর এলাকার এরশাদ আলীর ছেলে আশরাফুল (২৬)।

পুলিশ সুপার জানান, গত বৃহস্পতিবার সদর উপজেলার বারোমাসি বিলে কচুরিপানার নিচ থেকে শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, ব্যবসায়িক লেনদেন ও লোভের কারণে পূর্বপরিচিত তিনজন মিলে তাকে হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী ৮ জুন ভীমপুর কলেজ মোড়ে শফিকুলকে ডেকে নেওয়া হয়। পরে দুইটি মোটরসাইকেলে করে তাকে বারোমাসি বিল এলাকার ঘাট ব্রিজে নেওয়া হয়। সেখানে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে এবং হাত-পা চেপে ধরে তাকে হত্যা করা হয়। মৃত্যু নিশ্চিত করার পর মরদেহ পানিতে ডুবিয়ে কচুরিপানা দিয়ে ঢেকে রেখে তারা পালিয়ে যায়।

তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে জয়নুলকে শহরের একটি এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে মান্দা উপজেলা থেকে আশরাফুলকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জয়নুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। হত্যার পর তারা ভিকটিমের কাছ থেকে নেওয়া ১৫০০ টাকা ভাগ করে নেয় এবং মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জয়ব্রত পাল এবং সদর মডেল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।