দেওয়ানগঞ্জে কৃষিজমির মাটি কেটে বিক্রির দায়ে এক ব্যক্তিকে ১ বছরের কারাদণ্ড


দেওয়ানগঞ্জ প্রতিনিধি,লাবলু মিয়া প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
দেওয়ানগঞ্জে কৃষিজমির মাটি কেটে বিক্রির দায়ে এক ব্যক্তিকে ১ বছরের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের সরকারপাড়া এলাকায় কৃষিজমির মাটি কেটে বিক্রি, কৃষিজমি ও সড়কের ক্ষতিসাধন এবং জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৪ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মিজান (৩১) নামে ওই ব্যক্তিকে এ দণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করে কৃষিজমির উর্বর মাটি কেটে বিক্রি করে আসছিলেন। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয় সড়কের ক্ষতি এবং জমির শ্রেণি পরিবর্তনের মতো পরিবেশগত ক্ষতি সাধিত হয়।

ঘটনার প্রেক্ষিতে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্তকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে কৃষিজমি রক্ষায় নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।