কুষ্টিয়ার মিরপুরে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


মিরপুর উপজেলা প্রতিনিধি আশিক। প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
কুষ্টিয়ার মিরপুরে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের বটতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৩৭)। তিনি একই ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের আব্দুল খলিলের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাইফুল ইসলামের বাড়ির টিউবওয়েলের পাশে রোপণ করা একটি গাঁজার গাছ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় থানা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী নজরদারি ও অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়।

মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, মাদক মামলায় গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, জনসাধারণের সহযোগিতা পেলে মাদক নির্মূল কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে এবং দ্রুত সমাজ থেকে মাদক সমস্যা নিয়ন্ত্রণে আনা যাবে। এদিকে স্থানীয় বাসিন্দারা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছে, তাই নিয়মিত অভিযান চালানো হলে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে।