
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং এতে পাইলট গুরুতর আহত হন। তবে তিনি সময়মতো ইজেক্ট করে প্রাণে রক্ষা পান বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার (১৪ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মেরিন এয়ারক্রাফট গ্রুপ ১১ এবং থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমানটি নিয়মিত প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়। বিমানটি ক্যালিফোর্নিয়ার মেরিন কোর এয়ার স্টেশন মিরামারের অন্তর্ভুক্ত ছিল।
দুর্ঘটনার পরপরই পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়ে আসেন এবং পরে স্থানীয় শেরিফ কর্মকর্তারা তাকে উদ্ধার করেন। তবে তিনি গুরুতর আহত অবস্থায় রয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন। নাচেস ফায়ার ডিপার্টমেন্ট জানায়, রিমরক লেকের কাছে দুর্ঘটনার পর যুদ্ধবিমানটিতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে ইউএস ফরেস্ট সার্ভিসসহ একাধিক সংস্থা যৌথভাবে কাজ করে।
আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে ফায়ার ইউনিটগুলো আশপাশের স্থাপনা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়। পরে তারা ঘটনাস্থল থেকে সরে গেলেও পুরোপুরি আগুন নেভাতে ওয়াটার টেন্ডার মোতায়েন করা হয়েছে।
মেরিন এয়ারক্রাফট গ্রুপ ১১ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না বলে জানানো হয়েছে। দুর্ঘটনাটি ঘটে ওকানোগান–ওয়েনাচি ন্যাশনাল ফরেস্ট এলাকায়, যা সিয়াটল থেকে প্রায় ১২৫ মাইল দক্ষিণ–পূর্বে অবস্থিত। ঘটনাটি ঘিরে স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :