উপকূলীয় জলাবদ্ধতা নিরসনে টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন


খুলনা ব্যুরো, বরুণ ব্যানার্জী প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ১:৫৩ অপরাহ্ণ
উপকূলীয় জলাবদ্ধতা নিরসনে টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, নদী ব্যবস্থাপনা উন্নয়ন এবং বেতনা ও মরিচ্চাপ অববাহিকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) জোয়ারাধার পদ্ধতি বাস্তবায়নের দাবিতে সদর উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে ‘যুব চেতনায় উপকূলীয় জলাবদ্ধতা সমস্যা মোকাবেলায় টিআরএম’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

রবিবার (১৪ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ ও সদর উপজেলা পানি কমিটির যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এটি “সাস্টেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট (এসআরএম): অ্যাডাপ্টিং ক্লাইমেট চেঞ্জ ইন দ্য সাউথওয়েস্ট বাংলাদেশ” প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।

সদর উপজেলা পানি কমিটির সভাপতি মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।

বই উন্মোচন অনুষ্ঠানে আরও অংশ নেন সাতক্ষীরা যুব পানি কমিটির সভাপতি মো. হোসেন আলী, সহসভাপতি হাফিজা আফরোজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক করিমন নেছা শান্তা।

সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা অঞ্চলের বেতনা, মরিচ্চাপ, প্রাণসায়ের, লাবণ্যবতী ও সাপমারা নদী পলি জমে মৃতপ্রায় হয়ে পড়েছে, যার ফলে দীর্ঘদিন ধরে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে বর্ষা মৌসুমে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে মানুষের ঘরবাড়ি ও জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে।

তারা আরও বলেন, অতীতে নদী খনন ও স্লুইসগেট সংস্কারের মতো উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর ফল দেয়নি। তাই টিআরএম (জোয়ারাধার) পদ্ধতি বাস্তবায়নই এ সংকট সমাধানের একমাত্র কার্যকর উপায়।

বক্তারা উপকূলীয় অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান জানান এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত টিআরএম বাস্তবায়নের দাবি জানান।