আদমদীঘিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ


বগুড়া ভ্রাম্যমাণ প্রতিনিধি,মজিবর রহমান প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
আদমদীঘিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ
বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমা এলাকায় দীর্ঘদিন ধরে চলমান সীমানা বিরোধ সংক্রান্ত মামলার জেরে আদালতের ১৪৪/১৪৫ ধারার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, আতোয়ার রহমানসহ কয়েকজন আদালতের নির্দেশ অমান্য করে গোপনে জমিতে নির্মাণ কাজ শুরু করেন। রোববার ১৪ জুন সকালে কাজ চলাকালে কিছু অংশে ঢালাই সম্পন্ন করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। পরে বিষয়টি জানতে পেরে রবিউল ইসলাম ও রানাউল ইসলাম থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্রমিকরা নির্মাণ সামগ্রী ফেলে ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানা গেছে।
এ বিষয়ে আদমদীঘি থানার এসআই বাবুল হোসেন বলেন, “ঘটনাস্থলে এসে দেখি সব কাজ বন্ধ রয়েছে এবং শ্রমিকরা পালিয়ে গেছে। পরে সংশ্লিষ্টদের বাসায় গিয়ে কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।”
পরে পুলিশ পুনরায় ঘটনাস্থল পরিদর্শন করে আদালতের নির্দেশনা অনুযায়ী বৈধ কাগজপত্র বা অনুমতি (জাবেদা) ছাড়া কোনো ধরনের নির্মাণ কাজ না করার নির্দেশ দেয়।
অভিযোগকারী রবিউল ইসলাম জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলমান রয়েছে এবং আদালত ইতোমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছেন। তারপরও প্রতিপক্ষ পক্ষ জোরপূর্বক দখলের চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।