সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিমান বিধ্বস্ত, ৫ সামরিক সদস্য নিহত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিমান বিধ্বস্ত, ৫ সামরিক সদস্য নিহত

ভারতের আসাম রাজ্যের জোরহাটে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন সামরিক সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) সকালে নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

ভারতীয় বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল প্রায় ১০টার দিকে জোরহাট বিমান বাহিনী ঘাঁটিতে নিয়মিত উড্ডয়নের সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয় এবং তদন্ত কার্যক্রমও চালু হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম। তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় বিমান বাহিনী।

বিবৃতিতে আরও জানানো হয়, দায়িত্ব পালনকালে নিহত সদস্যদের আত্মত্যাগকে বাহিনী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, অবতরণের সময় বিমানটি জোরহাট বিমান বাহিনী ঘাঁটির ভেতরেই বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর আগুন ধরে যায় এবং দ্রুত জরুরি উদ্ধার ও অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইএএফ। এ ঘটনায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “জোরহাটে বিমান বাহিনীর পরিবহন বিমান দুর্ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছি।”

উল্লেখ্য, এএন-৩২ একটি দ্বি-ইঞ্জিনবিশিষ্ট সামরিক পরিবহন বিমান, যা দুর্গম ও পার্বত্য এলাকায় পরিবহন ও সরবরাহ কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সোভিয়েত যুগে নির্মিত এই বিমান ভারতীয় বিমান বাহিনীর বহরে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এর আগে কয়েক মাস আগেও আসামের কার্বি আংলং জেলায় ভারতীয় বিমান বাহিনীর একটি সুখোই সু-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হলে দুই পাইলট নিহত হন। ওই ঘটনাও জোরহাট বিমান ঘাঁটি থেকে নিয়মিত উড্ডয়নের সময় ঘটেছিল।