
ভারত সীমান্ত দিয়ে কথিত ‘পুশইন’ বন্ধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় জোটের উদ্যোগে শুক্রবার (১২ জুন) বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।
ভোমরা স্থলবন্দরে অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশে ১১ দলীয় জোটের প্রধান ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহা. ইজ্জতুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। সীমান্তে কোনো ধরনের অনুপ্রবেশ বা দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না। তিনি সীমান্ত সুরক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণ এবং কূটনৈতিকভাবে বিষয়টির স্থায়ী সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম মুকুল বলেন, সীমান্ত এলাকায় ‘পুশইন’ ও অনুপ্রবেশের অভিযোগ উদ্বেগজনক। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত ব্যবস্থাপনায় আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. ওমর ফারুক, সাতক্ষীরা পৌর আমীর জাহিদুল ইসলাম বকুলসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে অবিলম্বে ‘পুশইন’ বন্ধ, সীমান্তে নজরদারি বৃদ্ধি এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। পরে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।
আপনার মতামত লিখুন :