
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির” আওতায় ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) উপজেলার পূর্ব মৌতলা খালপাড় এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ রেঞ্জের ডেপুটি রেঞ্জার মো. আওছাফুর রহমান, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইউপি সদস্য, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব মৌতলা খালপাড় থেকে সাপখালী ব্রিজ হয়ে জেলেপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের দুই পাশে পর্যায়ক্রমে ১০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এসবের মধ্যে রয়েছে বাদাম, জারুল, ঝাউ, জাম, অর্জুন ও নিম গাছ। আগামী এক মাসের মধ্যে পুরো রোপণ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
ডেপুটি রেঞ্জার মো. আওছাফুর রহমান জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। রোপণকৃত গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য ৪০ জন উপকারভোগীকে দায়িত্ব দেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারি এ উদ্যোগ সফল করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :