২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজারের পিএমখালীর ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে গাছের চারা রোপণের মধ্য দিয়ে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সংরক্ষিত বন এলাকা ঘুরে দেখেন এবং সেখানে আরও কয়েকটি গাছের চারা রোপণ করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য মন্ত্রী ও সংসদ সদস্যরা অংশ নিয়ে ১১ প্রজাতির গাছের চারা রোপণ করেন।

পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আগামী পাঁচ বছরে এই বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে। প্রথম ধাপে দেশের ৪৯টি জেলার ১৪৯টি উপজেলায় দেড় কোটি চারা রোপণ করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে কক্সবাজারে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দরে নামার পর নিজেই গাড়ি চালিয়ে খাল খনন কর্মসূচির স্থলে যান। সেখানে তার পাশের আসনে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গাড়িতে আরও ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হাসিনা আহমদ।

পরে সেখান থেকে আবারও নিজেই গাড়ি চালিয়ে তিনি মালুমঘাট সংরক্ষিত বনে পৌঁছান। পুরো পথজুড়ে স্থানীয় হাজারো মানুষ ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুল ছিটিয়ে এবং হাত নেড়ে অভ্যর্থনা জানান। এ কর্মসূচিকে পরিবেশ বিশেষজ্ঞরা দেশের সবুজায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন।