সারাদেশে গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৪:২৪ অপরাহ্ণ
সারাদেশে গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস

দেশব্যাপী গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দিতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে ব্যবহৃত একটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ মধ্যরাত পর্যন্ত গ্যাসের চাপ কম থাকতে পারে।

শনিবার (১৩ জুন) দুপুরে এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণের কারণে এলএনজি থেকে জাতীয় গ্রিডে সরবরাহকৃত গ্যাসের পরিমাণ কমে গেছে। এর ফলে তিতাস গ্যাস কোম্পানির আওতাধীন এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের গ্যাসের স্বল্পচাপ বা কম চাপের সমস্যার মুখোমুখি হতে হতে পারে।

তিতাস গ্যাস আরও জানায়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম শেষ হলে গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

এদিকে গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেক এলাকায় রান্নার কাজে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে শিল্প ও বাণিজ্যিক খাতেও সাময়িক প্রভাব পড়তে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পাশাপাশি গ্রাহকদের সহযোগিতা ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।তিতাস গ্যাসের তথ্যমতে, রক্ষণাবেক্ষণ কার্যক্রম শেষ হওয়ার পর মধ্যরাতের পর থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে পারে এবং ধাপে ধাপে স্বাভাবিক চাপ ফিরে আসবে।