
সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব ‘শান্তির কাব্য সম্প্রীতির স্বাক্ষর’। শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে সুন্দরবন সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগীতে অসামান্য অবদান এবং সুরের মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার স্বীকৃতি হিসেবে জনপ্রিয় সংগীতশিল্পী শিমলা আক্তারকে প্রদান করা হয় ‘বেঙ্গল স্টার পিস অ্যাওয়ার্ড ২০২৬’। অতিথিবৃন্দ তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সুন্দরবন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের চেয়ারম্যান গাজী আব্দুল আলীমের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আজগর হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান হাবিব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোর্শেদ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক কবি ও সাংবাদিক অশোক ধর। এছাড়াও অভিনেতা ডি এ তায়েব, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, গীতিকার, কণ্ঠশিল্পী ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন, বর্তমান সময়ে মানবিক মূল্যবোধ রক্ষায় সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই। সংগীত ও সাহিত্য তরুণ প্রজন্মকে নৈতিকতা ও সম্প্রীতির পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পুরস্কার গ্রহণ করে শিল্পী শিমলা আক্তার বলেন, এই স্বীকৃতি তার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সংগীতের মাধ্যমে সমাজে শান্তি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে তিনি আজীবন কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে গাজী আব্দুল আলীম বলেন, এ আয়োজন কেবল একটি অনুষ্ঠান নয়, বরং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার একটি অঙ্গীকার। ভবিষ্যতেও শুদ্ধ সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এমন আয়োজন অব্যাহত থাকবে।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে। কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গানে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন।
আপনার মতামত লিখুন :