সাদুল্লাপুরে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ, অভিযান চালিয়ে ৫ জন আটক


সাদুল্লাপুর প্রতিনিধি, মোজাহিদুল ইসলাম প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
সাদুল্লাপুরে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ, অভিযান চালিয়ে ৫ জন আটক

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের মোংলা বন্দরে গরুর মাংসের আড়ালে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে একটি চক্রের ৫ জনকে আটক করেছে স্থানীয় জনতা। গত শুক্রবার (১২ জুন) সকালে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোংলা বন্দরের একটি চাতালে কয়েকটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি চলছিল বলে অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, আনিসুর ডাক্তার নামে এক ব্যক্তির নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে রাখে এবং তাৎক্ষণিকভাবে প্রশাসনকে খবর দেয়।

খবর পেয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, নিরাপদ খাদ্য আইন ২০১৩ এবং প্রাণিজ খাদ্য নিরাপত্তা-সংক্রান্ত অন্যান্য প্রযোজ্য আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হতে পারে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও প্রতারণামূলক খাদ্য বিক্রির ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রয়েছে বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে তিনি এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের শূন্য সহনশীলতা নীতির কথা পুনর্ব্যক্ত করেন।