মিরপুরে চোর চক্রের সক্রিয় ৪ সদস্য গ্রেফতার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
মিরপুরে চোর চক্রের সক্রিয় ৪ সদস্য গ্রেফতার

কুষ্টিয়ার মিরপুরে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনায় চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মিরপুর আশ্রয়ন প্রকল্প এলাকার মজনুর ছেলে জনি (২৫), সদরপুর বানিয়াপাড়া এলাকার মুক্তারের ছেলে জিসান আহম্মেদ (২৪), পোড়াদহ চিথলিয়া এলাকার মৃত কাশেম মীরের ছেলে হামিদুল মীর (৩৪) এবং একই এলাকার আবু সাঈদের ছেলে স্বাধীন (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে মিরপুর নতুন বাজার এলাকায় একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে চোর চক্রের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা একটি সক্রিয় চোর চক্রের সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, স্বর্ণের দোকানে চুরির ঘটনার তদন্তে নেমে চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মিরপুর থানায় দায়ের করা চুরির মামলায় আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা জানতে গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা দ্রুত চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।