বিশ্বকাপ খেলতে নামার আগে যে বার্তা দিলেন নেইমার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
বিশ্বকাপ খেলতে নামার আগে যে বার্তা দিলেন নেইমার

ইনজুরির কারণে ব্রাজিলের বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে খেলতে পারছেন না তারকা ফরোয়ার্ড নেইমার। বিষয়টি কার্যত নিশ্চিত করেছেন ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ফলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের উদ্বোধনী ম্যাচে মাঠের বাইরে থেকেই দলকে সমর্থন দিতে হবে এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে।

তবে মাঠে না থাকলেও মানসিকভাবে দলের পাশে আছেন নেইমার। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জাতীয় দলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “যে কোনো চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত।”

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় গ্রুপ ‘সি’র ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে মরক্কোর। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন কোচ আনচেলত্তি। তিনি জানান, দ্রুত সুস্থ হয়ে উঠতে কঠোর পরিশ্রম করছেন নেইমার। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহেই তিনি দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারবেন।

আনচেলত্তি বলেন, নেইমার দ্রুত সেরে ওঠার জন্য অনেক পরিশ্রম করছে। আমরা আশা করছি, আগামী সপ্তাহে সে দলীয় অনুশীলনে ফিরবে। নেইমারকে স্কোয়াডে রাখার কারণ ব্যাখ্যা করে ব্রাজিল কোচ আরও বলেন, তার ফুটবল দক্ষতার পাশাপাশি অভিজ্ঞতাও দলের জন্য গুরুত্বপূর্ণ। তরুণ খেলোয়াড়দের জন্য তিনি অনুপ্রেরণার উৎস বলেও মন্তব্য করেন তিনি।

৩৪ বছর বয়সী নেইমার চোট নিয়েই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পান। প্রথমে তার ক্লাব সান্তোস জানিয়েছিল পায়ে হালকা ফোলাভাব রয়েছে। পরে জানা যায়, তার কাফের পেশিতে আঘাত রয়েছে। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

অনুশীলনে পুরোপুরি ফিরতে না পারায় প্রথম ম্যাচে তার খেলা নিয়ে যে শঙ্কা ছিল, শেষ পর্যন্ত সেটিই বাস্তবে রূপ নিচ্ছে। তবে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে দ্রুত ফেরার আশা রয়েছে ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ডের।