
বিএনপির রাজনীতি মানুষের জন্য বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি কৃষকদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই খাল খনন কর্মসূচি শুরু করেছে। কৃষকদের সহায়তায় বীজ ও কীটনাশক কেনার জন্য এককালীন আড়াই হাজার টাকা দেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। এ সুবিধা কৃষক কার্ডের মাধ্যমে বাস্তবায়ন করা হবে বলে জানান তারেক রহমান।
তারেক রহমান আরও বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ গ্রামীণ অঞ্চলে বসবাসকারী খেটে খাওয়া মানুষ। নারীদের অংশগ্রহণ ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। নারীদের স্বাবলম্বী করতে শিক্ষা ও প্রশিক্ষণকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি দাবি করেন, নারীদের উচ্চশিক্ষা পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা এবং ভালো ফলাফল অর্জনকারীদের জন্য উপবৃত্তি প্রদানের পরিকল্পনাও সরকারের রয়েছে। এর আগে সকালে তিনি কোদাল হাতে নিয়ে আনুষ্ঠানিকভাবে পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজলসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্থানে দাঁড়িয়ে পাতলী খাল খননের সূচনা করেছিলেন, ঠিক সেই স্থানেই পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন তার পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন।
আপনার মতামত লিখুন :