বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ
বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘বড় হলেও বাস্তবায়নযোগ্য’ বলে মন্তব্য করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। তবে এই বিশাল বাজেট বাস্তবায়নে দক্ষতা, স্বচ্ছতা ও দূরদর্শিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে সংগঠনটি।

শনিবার (১৩ জুন) বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এফবিসিসিআই এই মতামত জানায়। সংগঠনটি বলেছে, বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে অগ্রযাত্রার জন্য বাজেটের আকার অযৌক্তিক নয়। তবে ইতিহাসের সর্বোচ্চ এই বাজেট বাস্তবায়নে সরকারকে সর্বাত্মক উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ বৃদ্ধি, উৎপাদন ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়ায় সরকারকে অভিনন্দন জানানো হয়েছে।

প্রস্তাবিত বাজেটে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে এফবিসিসিআই। এই লক্ষ্য অর্জনে রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং জাতীয় রাজস্ব ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সংস্কার প্রয়োজন বলে মনে করে সংগঠনটি।

এছাড়া বাজেট ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা বেসরকারি খাতে ঋণপ্রবাহে চাপ সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এতে বিনিয়োগ ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছে সংগঠনটি।

তবে বেসরকারি খাতে ঋণপ্রবাহ সহজ করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ, কাঁচামাল আমদানিতে আগাম আয়কর হ্রাস এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের শুল্ক কমানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখেছে এফবিসিসিআই। স্টার্টআপ ও নারী উদ্যোক্তাদের জন্য কর সুবিধা এবং বরাদ্দ বাড়ানোর উদ্যোগকেও স্বাগত জানানো হয়েছে।

ডিজিটাল খাতের উন্নয়নে কম্পিউটার ও প্রযুক্তিপণ্যের ওপর শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাবকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সৌর বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদি কর ছাড় এবং ইলেকট্রিক যানবাহনে শুল্ক সুবিধাকে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে প্রশংসা করেছে সংগঠনটি।

তবে রডসহ নির্মাণ সামগ্রীর ওপর ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তে নির্মাণ খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে এফবিসিসিআই। একই সঙ্গে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় করমুক্ত আয়ের সীমা আরও বাড়ানোর এবং সর্বোচ্চ কর হার কমানোর প্রস্তাব দিয়েছে তারা।