
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের কল্যাণে প্রণীত বাজেট নিয়েও বিরোধী দল উদ্দেশ্যপ্রণোদিত সমালোচনা করছে। তাদের লক্ষ্য জনগণের পাশে দাঁড়ানো নয়, বরং দেশে অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টি করা।
শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, “যে বাজেটে কর কমানো হয়, সেই বাজেটও তারা মানে না। মদ ও সিগারেটের দাম বাড়ানো হলেও সেটি নিয়েও তাদের আপত্তি। অথচ এবারের বাজেট ঘোষণার পর এখন পর্যন্ত কোনো পণ্যের দাম বাড়েনি। বরং ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে।” তিনি বলেন, মদ ও সিগারেটের ওপর কর বৃদ্ধি করা হয়েছে জনস্বাস্থ্যের স্বার্থে। কারণ এসব পণ্য মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু বিরোধী দল সেটিকেও সমালোচনার বিষয় বানিয়েছে।
‘করবো কাজ, গড়ব দেশ’—এই প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য। দেশের ২০ কোটি মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বেলা ১১টার দিকে নিজ হাতে মাটি কেটে পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং বছরে প্রায় ১২ হাজার মেট্রিক টন কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
তিনি জানান, সদ্য ঘোষিত জাতীয় বাজেটে কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় ৮ থেকে ১০ হাজার কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। এসব কার্ডের মাধ্যমে কৃষকদের নগদ আড়াই হাজার টাকা করে প্রণোদনা দেওয়া হবে। নারী শিক্ষার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উপবৃত্তি কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো হবে।
তিনি আরও জানান, গ্রামীণ জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে এবং হার্টের রিং ও কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ ও ওষুধের ওপর আরোপিত কর প্রত্যাহার করা হয়েছে। তারেক রহমান বলেন, “দেশের মালিক কোনো রাজনৈতিক দল নয়, দেশের মালিক ২০ কোটি জনগণ। তাদের কল্যাণেই সরকারের সব পরিকল্পনা ও কর্মসূচি।”
উল্লেখ্য, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন ও সেচব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে যে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, পাতলী খাল ছিল তার অন্যতম অংশ। প্রায় অর্ধশতাব্দী পর তারই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান ওই খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন। দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, জনসভা ও সুধী সমাবেশসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :