পোরশায় ১ কেজি গাঁজা ও ৪টি গাঁজা গাছসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


নওগাঁ প্রতিনিধি, আব্দুল মজিদ মল্লিক প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ
পোরশায় ১ কেজি গাঁজা ও ৪টি গাঁজা গাছসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর পোরশা থানায় পৃথক মাদকবিরোধী অভিযানে ১ কেজি শুকনা গাঁজা ও ৪টি পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ১২ জুন রাত ৯টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত পোরশা থানাধীন ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে থানা পুলিশের একটি দল অংশ নেয়।

প্রথম অভিযানে দক্ষিণ লক্ষীপুর এলাকার একটি বসতবাড়ি থেকে ১ কেজি শুকনা গাঁজাসহ মোছা. পারুল বেগম (৪১) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে একই এলাকায় দ্বিতীয় অভিযানে অনিল (৫০) নামে অপর এক ব্যক্তির বসতবাড়ির সামনের জমি থেকে ৪টি পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছগুলোর উচ্চতা ছিল ২ ফুট ৮ ইঞ্চি থেকে ৭ ফুট পর্যন্ত, যার মোট ওজন প্রায় ৪.৫০ কেজি বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।