নাচোলে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন 


নাচোল প্রতিনিধি, সফিকুল ইসলাম  প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
নাচোলে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন 

দেশব্যাপী প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নেজামপুর ইউনিয়নের তেঘড়িয়া থেকে খাঁড়ির দুই ধারে দেলবাড়ী পর্যন্ত বিভিন্ন জাতের ৭ হাজার চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন জেলা প্রশাসক মোঃ আবু ছালেহ মোঃ মুসি জঙ্গি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মো. আল মামুনুর রশীদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস, বিএমডিএ নাচোল জোনের সহকারী প্রকৌশলী মো. রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচি সম্পর্কে বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মো. আল মামুনুর রশীদ জানান, প্রধানমন্ত্রী কক্সবাজারের মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এরই ধারাবাহিকতায় পুনঃখননকৃত তেঘরিয়া খালের দুই পাড়ে গাছ রোপণের মাধ্যমে জেলায় এই কর্মসূচির সূচনা করা হয়েছে।

তিনি আরও জানান, আসন্ন বর্ষা মৌসুমে জেলায় ১ লক্ষ ৭০ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে এবং আগামী ৫ বছরে প্রায় ২৭ লক্ষ বৃক্ষরোপণ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করা হয়।