নাইজেরিয়ায় এক বছরে ১৩ হাজারের বেশি সন্ত্রাসী নিহত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
নাইজেরিয়ায় এক বছরে ১৩ হাজারের বেশি সন্ত্রাসী নিহত

নাইজেরিয়ার সেনাবাহিনী গত এক বছরে ১৩ হাজারের বেশি সন্ত্রাসী নির্মূল করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু। শুক্রবার (১২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট টিনুবু বলেন, ২০২৩ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। তার দাবি অনুযায়ী, এ সময়ে দেশে সহিংসতায় মৃত্যুর হার ৮১ শতাংশ কমেছে।

তিনি আরও জানান, ‘অপারেশন সেফ করিডোর’ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত এক লাখ ২৪ হাজারের বেশি সন্ত্রাসী অস্ত্র সমর্পণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে আত্মসমর্পণকারী সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। নাইজেরিয়ার ‘গণতন্ত্র দিবস’ উপলক্ষে এই ভাষণ দেন প্রেসিডেন্ট টিনুবু। দেশটিতে ১৯৯৯ সালে সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্মরণে এই দিবস পালন করা হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আফ্রিকার অন্যতম বড় অর্থনীতির দেশ নাইজেরিয়া বর্তমানে গুরুতর নিরাপত্তা সংকটে রয়েছে। আল কায়েদা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর পাশাপাশি বিভিন্ন অপরাধী চক্র অপহরণ ও সহিংসতা চালিয়ে যাচ্ছে। স্কুল, ধর্মীয় উপাসনালয়সহ সাধারণ মানুষও এসব হামলার ঝুঁকিতে রয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আগে এসব সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম মূলত উত্তরাঞ্চলে সীমাবদ্ধ থাকলেও এখন তারা বনাঞ্চল ব্যবহার করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও হামলা বিস্তার করেছে। সরকারি সূত্রের বরাতে বলা হয়েছে, সেনাবাহিনীর চলমান অভিযানের কারণে সন্ত্রাসী গোষ্ঠীগুলো এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে সরে গিয়ে নতুন ঘাঁটি তৈরি করছে।