দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ের শঙ্কা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ
দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ের শঙ্কা

ঢাকাসহ দেশের ১১ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৩ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

ঝড়ো আবহাওয়ার কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্য এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, আজ দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ পরিস্থিতিতে নদীবন্দর, উপকূলীয় এলাকা ও খোলা স্থানে চলাচলকারী মানুষদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।