
জাতীয় বৃক্ষরোপণ দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্নি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামাদ মুন্সী এবং ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবিরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে আম, আমড়া, পেয়ারা, চম্পা, চম্পলসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় বক্তারা বলেন, “ফলজ, বনজ ও ঔষধি—এই তিন ধরনের গাছ রোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি।” তারা পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গঠনে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির, ইউপি সদস্যরা, সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুমন শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আয়োজকরা এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :