
দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সাবেক পরিচালক এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আমিন আর নেই। ১২ জুন শুক্রবার চট্টগ্রাম নগরীর টেরিবাজারের এস কে টাওয়ারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (১৩ জুন) চিটাগাং চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী স্বাক্ষরিত এক শোক বার্তায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
মরহুম মোহাম্মদ নুরুল আমিনের মৃত্যুতে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। চেম্বার পরিচালনা পর্ষদের পক্ষে সভাপতি মোহাম্মদ আমিরুল হক, সিনিয়র সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন চৌধুরী এবং সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এক যৌথ বিবৃতিতে চেম্বার নেতারা বলেন, মোহাম্মদ নুরুল আমিন তাঁর কর্মময় জীবনে চট্টগ্রামসহ দেশের ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সমাজসেবায় তাঁর ভূমিকা ব্যবসায়ী মহলে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
ফরচুন ট্রেডার্সের স্বত্বাধিকারী নুরুল আমিন চিটাগাং চেম্বারের আধুনিকায়নে অগ্রণী ভূমিকা রাখেন। জার্মানি ও সিঙ্গাপুর সরকারের সহায়তায় প্রতিষ্ঠিত ZDH/TA প্রকল্পের অধীনে রিসার্চ, ডকুমেন্টেশন অ্যান্ড ট্রেনিং (RDT) সেল গঠনে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। এই উদ্যোগের ধারাবাহিকতায় পরবর্তীতে চট্টগ্রাম বাণিজ্য মেলার সূচনা হয়, যা আজ দেশের অন্যতম বৃহৎ আয়োজন হিসেবে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (CITF) রূপ নিয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমের জানাজা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশস্থ নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :